শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে হলে স্নাতক পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, ডিগ্রি কলেজ ছাড়া ইন্টারমিডিয়েট কলেজ, প্রাইমারি স্কুলসহ সকল প্রতিষ্ঠান মাদরাসায় ম্যানেজমেন্ট কমিটির সভাপতির জন্য স্নাতক পাসের শর্ত আরোপ করা হয়েছে।
এছাড়া, স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর থেকে ভর্তির ক্ষেত্রে লটারি তুলে দেওয়া হবে এবং সাধারণ উপায়ে পরীক্ষা নেওয়া হবে, যেখানে কোনো প্রতিযোগিতা থাকবে না।
মন্ত্রী উল্লেখ করেন, লটারি ব্যবস্থা শিক্ষাব্যবস্থায় থাকতে পারে না এবং দীর্ঘ গবেষণার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও আলোচনা হবে।
তিনি বলেন, ভর্তি পরীক্ষার জন্য কেউ কোচিং বাণিজ্য করতে চাইলে সরকার তা বরদাশত করবে না এবং ইনহাউজ কোচিংয়ের ব্যবস্থা করা হবে।
