সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জুলাই গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলায় পাঁচ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন। সুপ্রিম কোর্টের এক সূত্র সোমবার জানায়, গত ১৭ ডিসেম্বর এ আপিল দায়ের করা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গত ১৭ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত এবং শহীদদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণের নির্দেশ দেয়।
এছাড়া, অন্য অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষ গত ১৫ ডিসেম্বর এ সাজা বাড়িয়ে দুজনের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, আপিলে আটটি যুক্তি উপস্থাপন করা হয়েছে।
মামলায় ৫৪ জন সাক্ষীর মধ্যে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান রয়েছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে এবং মামুনের রাজসাক্ষী আবেদন মঞ্জুর করে। মামলার অধিকাংশ শুনানি সরাসরি সম্প্রচার করা হয়।
