১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, বিদেশে পাঠানো হয়েছে

১৮ হাজার প্রবাসীর এনআইডি প্রস্তুত, বিদেশে পাঠানো হয়েছে

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আওতায় ১৮ হাজার ৮৬৫ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ১৮ হাজার ৮৫৩টি এনআইডি কার্ড ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (০৯ মার্চ) ইসির এনআইডি অনুবিভাগের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে গত ৩ মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৪টি দেশের মোট ২৪টি স্টেশনে প্রবাসী ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। দেশগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, যুক্তরাজ্য, ইতালি, মালয়েশিয়া, জাপান, অস্ট্রেলিয়া, মালদ্বীপ, যুক্তরাষ্ট্র, কানাডা ও দক্ষিণ আফ্রিকা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসীদের পক্ষ থেকে এখন পর্যন্ত মোট ৮২ হাজার ৯৭৬ জন ভোটার হওয়ার আবেদন করেছেন। এর মধ্যে অনুমোদিত আবেদন ৩৯ হাজার ৭টি, বাতিল করা আবেদন ১৮ হাজার ৪৫৪টি, তদন্তাধীন ৩ হাজার ৬৬টি এবং প্রিন্টের অপেক্ষায় ৫ হাজার ৩৯৮টি রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে, যার সংখ্যা ২৩ হাজার ৭৬টি। আবেদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, যেখানে ১৫ হাজার ৩৪৯টি আবেদনের বিপরীতে ৪ হাজার ২৪৪টি এনআইডি প্রিন্ট করা হয়েছে। দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে কম আবেদন জমা পড়েছে, ১১৫টি, তবে সেখানে এখন পর্যন্ত কোনো এনআইডি প্রিন্ট করা সম্ভব হয়নি।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণে এবং এনআইডি সংক্রান্ত ভোগান্তি কমাতে এই কার্যক্রম আরও গতিশীল করার চেষ্টা চলছে।

আরও পড়ুন