ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’

ঈদে মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদের ‘রাক্ষস’

ঈদে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত নতুন সিনেমা ‘রাক্ষস’। বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতিতে রয়েছে সিনেমাটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় জানিয়েছেন, সিনেমাটি এখন পোস্ট প্রোডাকশনের শেষ পর্যায়ে রয়েছে। এডিট ও ডাবিংয়ের কাজ দ্রুতগতিতে চলছে এবং যথা সময়ে কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সম্প্রতি সিনেমার প্রচারণার অংশ হিসেবে সিয়ামের একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছে এবং চলতি সপ্তাহেই অফিশিয়াল পোস্টার আসবে। গত ডিসেম্বরে ঢাকায় শুটিং শুরু হলেও সিনেমার বড় অংশ শ্রীলঙ্কায় চিত্রায়িত হয়েছে। নির্মাতার দাবি, সিনেমায় সিয়ামের বিপরীতে কলকাতার সুস্মিতা চ্যাটার্জির রসায়ন দর্শকদের বাস্তব জীবনের গল্পের অনুভূতি দেবে।

রাক্ষসের গল্প নিয়ে হৃদয় বলেন, এটি একটি পাগলাটে প্রেমের গল্প এবং ফ্যামিলি ড্রামা রয়েছে। নির্মাতা জানান, বরবাদ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স থাকবে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক সিনেমাটি ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

এবারের ঈদে শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’-এর মতো বড় সিনেমা মুক্তি পাচ্ছে। এতগুলো সিনেমার ভিড়ে হল পাওয়া নিয়ে শঙ্কা থাকলেও পরিচালক হৃদয় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন।

আরও পড়ুন