সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, আসন্ন বাংলা নববর্ষে আর ‘আনন্দ’ বা ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো কর্মসূচি হবে না। এবার থেকে নতুন নাম ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পালিত হবে এবং ভবিষ্যতেও এই নামই বহাল থাকবে।
শনিবার (৪ এপ্রিল) মাগুরার মহম্মদপুর উপজেলায় আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংস্কৃতিমন্ত্রী বলেন, আমরা এবার বৈশাখী শোভাযাত্রা করব। বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা—সবকিছু এখন থেকে ‘বৈশাখী’ নামেই পরিচিত হবে।
ইউনেস্কো স্বীকৃত ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউনেস্কো আগে তো করেনি। ইউনেস্কো করলেই যে আমাদের সেটি করতে হবে, এমন কোনো কথা নেই।
জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এবং মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. শাহনুর জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে আধুনিক ডাকবাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে স্থানীয় অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
