ভাবনা: শিল্পীদের জন্য বাধামুক্ত পরিবেশ চান

ভাবনা: শিল্পীদের জন্য বাধামুক্ত পরিবেশ চান

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি এক অনুষ্ঠানে জীবনের রূঢ় সত্য, শৈশবের স্মৃতি এবং ক্যারিয়ারের ব্যস্ততা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আপনি যখন বড় হতে থাকবেন, আস্তে আস্তে আপনার কাছে জীবনটা পরিষ্কার হতে থাকবে। আর জীবন যখন পরিষ্কার হতে থাকে, তখন মন খারাপ হতে থাকে। ছোটবেলায় সব সত্য মনে হতো, সুন্দর মনে হতো। এখন যা সত্য দেখছি, সেটাও মিথ্যা মনে হয়।’

পুরান ঢাকার স্মৃতি প্রসঙ্গে ভাবনা বলেন, ‘পুরান ঢাকায় বাড়িওয়ালা-ভাড়াটিয়া সবাই মিলে বড় বলে মুড়ি মাখিয়ে ইফতার করাটা ছিল উৎসবের মতো। ওটার মধ্যে এক ধরণের আরাম আর মনুষ্যত্ব আছে।’ সামাজিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘এক টাকায় আহার’ প্রসঙ্গে তিনি নিজের উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন।

ভাবনা মনে করেন, শিল্পীরা বা পরিচিত মুখগুলো যখন এমন আয়োজনে দাঁড়ায়, তখন সমাজের বিত্তবানরা অনুপ্রাণিত হয়। সুবিধা বঞ্চিত শিশুদের সাথে খাবার ভাগ করে নেওয়াকে তিনি নিজের পরিবারের সাথে ইফতার করার মতোই আনন্দদায়ক বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, ‘যে নাচতে চায় সে যেন নাচতে পারে, যে ছবি আঁকতে চায় তাকে যেন সেই স্বাধীনতা দেওয়া হয়। আমরা যেন বারবার বাধার শিকার না হই।’

শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম এবং কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি। আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের জন্য নতুন চমক নিয়ে আসছেন ভাবনা। তিনি জানান, ঈদে সুমন ধর এবং শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় দুটি আলাদা ওয়েব ফিল্মে তাকে দেখা যাবে। কাজ দুটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী।

আরও পড়ুন