ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া ‘রাক্ষস’ সিনেমার নতুন গান ‘তুমি ছাড়া’-তে ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সঙ্গে এক ভিন্ন রসায়নে হাজির হচ্ছেন।
গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পর সিয়াম এবং সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি দর্শকদের নজর কেড়েছে। ৩ মিনিট ৬ সেকেন্ডের এই ভিডিওটি একটি পূর্ণাঙ্গ প্রেমের গল্পের প্রতিফলন, যেখানে মান-অভিমান, খুনসুটি এবং একে অপরের প্রতি ভালোবাসার অনুভূতি ফুটে উঠেছে।
ভিডিওতে সিয়াম তার চিরচেনা রোমান্টিক অবতারে ধরা দিয়েছেন, যা দর্শকদের মনে দোলা দিয়েছে। কলকাতার সুস্মিতা চ্যাটার্জির গ্ল্যামারাস উপস্থিতি এবং সাবলীল চাহনি সিয়ামের সঙ্গে দারুণ মানিয়ে গেছে।
