আফগানিস্তানে পাকিস্তানি অভিযানে ৪০ দিনে ৭৯৬ তালেবান নিহত

আফগানিস্তানে পাকিস্তানি অভিযানে ৪০ দিনে ৭৯৬ তালেবান নিহত

আফগানিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর পরিচালিত অপারেশন গজব লিল-হকের জেরে গত ৪০ দিনে ৭৯৬ জন তালেবান সেনা নিহত এবং ১ হাজার ৪৩ জনের বেশি আহত হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন।

তারার এক বার্তায় বলেন, অপারেশন শুরুর পর ১ হাজার ৭০০ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। এই সময়ে তালেবান সেনাবাহিনীর ২৮৬টি ছাউনি ধ্বংস এবং ৪৪টি ছাউনি পাকিস্তানি সেনাদের দখলে এসেছে।

এছাড়া আফগান সেনাবাহিনীর ২৪৯টি ট্যাংক, সাঁজোয়া যান, আর্টিলারি গান এবং ড্রোন ধ্বংস করা হয়েছে বলে তিনি জানান। গত ২ ও ৩ এপ্রিল পাক-আফগান সীমান্তে সম্মুখ যুদ্ধে ৩৭ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) নিয়ে তিক্ততা চলছে। পাকিস্তান টিটিপিকে নিষিদ্ধ করেছে এবং অভিযোগ করে যে আফগানিস্তানের তালেবান সরকার তাদের সহযোগিতা করছে। তালেবান সরকার এ অভিযোগ অস্বীকার করে আসছে।

গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানে পাকিস্তানি বিমান বাহিনীর বোমাবর্ষণে ৮০ জনের বেশি মানুষ নিহত হয়। পাকিস্তান দাবি করে এটি টিটিপির ঘাঁটিতে অভিযান ছিল, কিন্তু তালেবান সরকার পাল্টা দাবি করে লোকালয়ে হামলা চালানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারি আফগান সেনারা পাকিস্তানের সীমান্তে হামলা চালিয়ে কয়েকজন সেনাকে হত্যা ও অপহরণ করে। এরপর ২৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে অপারেশন গজব-লিল হক শুরু করে, যা এখনও চলছে।

আরও পড়ুন