পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য ও কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বের ১৪ জন সাবেক অধিনায়ক পাকিস্তান সরকারকে খোলা চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারীরা ইমরান খানের জন্য মর্যাদা ও মৌলিক মানবিক বিবেচনা নিশ্চিত করার আহ্বান জানান। সাম্প্রতিক প্রতিবেদনে কারাগারে চিকিৎসা অবহেলা ও চোখের গুরুতর সমস্যার কথা উঠে আসায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিটির খসড়া করেন গ্রেগ চ্যাপেল। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সুনিল গাভাস্কার, কপিল দেব, ক্লাইব লয়েড, অ্যালান বর্ডার, মাইকেল অ্যাথারটন, নাসের হুসেইন, মাইকেল ব্রিয়ারলি, ডেভিড গাওয়ার, স্টিভ ওয়াহ, জন রাইট, কিম হিউজ ও বেলিন্ডা ক্লার্ক। চিঠিতে বলা হয়, কারাবন্দি অবস্থায় ইমরান খানের দৃষ্টিশক্তির অবনতির খবর অত্যন্ত উদ্বেগজনক।
তাকে অবিলম্বে যোগ্য বিশেষজ্ঞদের দ্বারা চিকিৎসা, মানবিক ও সম্মানজনক কারাবাসের পরিবেশ, নিয়মিত পারিবারিক সাক্ষাৎ এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। স্বাক্ষরকারীরা ইমরান খানের ক্রিকেটীয় অবদান স্মরণ করে বলেন, ১৯৯২ বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন এবং খেলাটিতে তিনি চিরকাল সম্মানের জায়গায় থাকবেন।
রাজনৈতিক মতভেদ যাই থাকুক, একজন গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতার ন্যূনতম মানবিক অধিকার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করা হয়। এর আগে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতারসহ সাবেক পাকিস্তানি ক্রিকেটাররাও ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করার দাবি তুলেছেন। মানবাধিকার সংস্থাগুলোও তার বিচার ও কারাবাসের পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে।
চিঠির শেষাংশে বলা হয়, ক্রিকেট দেশগুলোর মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে এবং মাঠের প্রতিদ্বন্দ্বিতা শেষ হলে সম্মান থাকে। ইমরান খান সেই চেতনাকেই প্রতিনিধিত্ব করেছেন, এখন কর্তৃপক্ষেরও উচিত তা রক্ষা করা।
