ইরাকে মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় ছয় ক্রুর সবাই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শুক্রবার সেন্টকম প্রথমে চার ক্রু নিহত হওয়ার খবর জানায়, পরে আরও দুজন নিহতের খবর নিশ্চিত করে। এ নিয়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ যুদ্ধে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে ১৩ জন হয়েছে।
সেন্টকম জানায়, গতকাল মিত্রপক্ষের আকাশসীমায় উড়ার সময় উড়োজাহাজটি নিখোঁজ হয়। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে, তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজটি শত্রুপক্ষের হামলা বা ভুলবশত নিজেদের কোনো হামলায় বিধ্বস্ত হয়নি।
নিহত সেনাসদস্যদের পরিবারের কাছে খবর পৌঁছানোর ২৪ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে না।
