যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, সম্ভাব্য মার্কিন হামলার জবাবে দেশটির কাছে ‘বিশেষ ও গোপন’ অস্ত্র প্রস্তুত রয়েছে। শুক্রবার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের পার্লামেন্টের প্রেসিডিং বোর্ডের সদস্য আব্বাস পাপীজাদে সতর্ক করে বলেছেন, যুদ্ধ বাঁধলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে এবং বৈশ্বিক তেলের বাজারেও প্রভাব পড়বে। তিনি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে দাবি করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সাম্প্রতিক সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের গুরুত্ব সহকারে নেয়া উচিত।
এই ইরানি আইনপ্রণেতার মতে, যুদ্ধ শুরু হলে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং আঞ্চলিক সংঘাতে রূপ নেবে। যার প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজার ও আন্তর্জাতিক অর্থনীতিতে। তবে তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েনকে সামরিক প্রস্তুতির চেয়ে বেশি ‘মিডিয়া পদক্ষেপ’ বলে মন্তব্য করেন। তার ভাষায়, এটি ইরানের অর্থনীতিতে প্রভাব ফেলতে চাপ তৈরির কৌশল।
