ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হবে না বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলি শামখানি। সংঘাত এড়াতে তেহরান ও ওয়াশিংটন নতুন দফার আলোচনার মাঝে বুধবার তিনি এ মন্তব্য করেন।
ইসলামি বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক মিছিলে অংশ নিয়ে শামখানি বলেন, ইসলামি প্রজাতন্ত্রের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আলোচনার বিষয় নয়। ইরানে রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আলোচনাকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়েও সম্প্রসারিত করতে চায়। ইরান বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তারা পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। তবে ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য বিষয়কে এর সঙ্গে যুক্ত করার প্রস্তাব তারা বারবার নাকচ করেছে।
বুধবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান যেকোনও চুক্তিতে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে লাগাম টানার বিষয়ে চাপ দেওয়ার কথা রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর।
এদিকে, রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি কখনোই আলোচনার এজেন্ডার অংশ হবে না।
