যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড ইরানের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে। আজ রোববার (১ মার্চ) সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, “চাহ বাহার পাইয়ারে ওমান উপসাগরের তলদেশে ডুবছে দ্য জামারান-ক্লাস কোরভেট জাহাজ।”
এদিকে, ইরান জাহাজ ডুবির ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।
অন্যদিকে, পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলা চালিয়েছে ইরান। তেহরান দাবি করেছে, মার্কিন রণতরীতে হামলা করা হয়েছে দেশটির সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধে।
রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ওই রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে এবং তারা সতর্ক করে বলেছে, ‘‘জল এবং স্থল—উভয়ই হবে সন্ত্রাসী আগ্রাসনকারীদের কবরস্থান।’’
তবে, পারস্য উপসাগরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি নাকচ করে দিয়েছে পেন্টাগন।
