ইরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রেড ক্রিসেন্টের বরাতে জানানো হয় যে, ইরানের ২৪টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে।
ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ‘ইতিহাসের বৃহত্তম বিমান হামলা’ পরিচালনা করেছে। আল জাজিরার প্রতিবেদনে ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রে বলা হয়, প্রায় ২০০ যুদ্ধবিমান পশ্চিম ও মধ্য ইরানে ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত করেছে।
অন্যদিকে, যুদ্ধবিমানগুলো ইরানের বিভিন্ন স্থানে প্রায় ৫০০ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা পশ্চিম ইরানের তাবরিজে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে।
