যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে ক্ষমতাসীন সরকারের সদস্য ও কর্মকর্তাদের হত্যা করা ‘খুবই সম্মানজনক’ বলে মন্তব্য করেছেন। তিনি এই কথা বলেছেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে।
শুক্রবার পোস্ট করা এক বার্তায় ট্রাম্প জানান, “আমরা ইরানের সন্ত্রাসী সরকারকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আরও বিভিন্নভাবে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। ইরানের নৌবাহিনী ডুবে গেছে, তাদের বিমান বাহিনী বলতে আর কিছু অবশিষ্ট নেই। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সমরাস্ত্রও শেষ হয়ে যাচ্ছে।”
ট্রাম্প বলেন, “এই সরকারের নেতারা একে একে পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আমাদের কাছে অতুলনীয় সমরাস্ত্র, সীমাহীন গোলাবারুদ এবং প্রচুর সময় রয়েছে। গত ৪৭ বছর ধরে তারা নিরপরাধ লোকজনকে হত্যা করে যাচ্ছে। এখন আমি, যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে তাদের হত্যা করছি। এটা অত্যন্ত সম্মানজনক।”
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে, যা কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে এবং একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে।
যুদ্ধের প্রথম দিন ২৮ অক্টোবর নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ অন্তত ৪০ জন সামরিক ও বেসামরিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। জবাব দিতে ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের ৬ দেশের মার্কিন সেনাঘাঁটিগুলোতে ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
সূত্র: এএফপি
