গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
আজ শুক্রবার ভার্জিনিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের বিমান বাহিনী ও ইসরায়েলের বিমান বাহিনী মিলে শত্রুপক্ষের ১৫ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অর্থাৎ গড়ে প্রতিদিন এক হাজারের বেশি হামলা হয়েছে।’
হেগসেথ জানান, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং যুক্তরাষ্ট্র আজ তেহরানের আকাশে সবচেয়ে বেশি সংখ্যক হামলা চালাবে। তিনি উল্লেখ করেন, ‘পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের গুরুত্বপূর্ণ সব সামরিক স্থাপনাকে ধ্বংস ও অকার্যকর করে দেওয়া আমাদের লক্ষ্য।’
তিনি আরও দাবি করেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত হয়েছেন।
