সৌদি আরব রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে সৌদি আরব দাবি করেছে যে, তারা এই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রগুলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।
সূত্রের তথ্য মতে, রোববার বিকেলে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির কাছে ধেয়ে আসা সব ক্ষেপণাস্ত্র প্রতিহত হয়। হামলার কারণে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনও প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং বিকট শব্দ শুনেছেন। পূর্বাঞ্চলে বসবাসকারী বাসিন্দারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।
