ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোকে যোগ না দেওয়ার বিষয়ে হুঁশিয়ার করেছে ইরান। মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই হুঁশিয়ারি দিয়েছেন।
জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা ধ্বংস করার জন্য ‘‘প্রতিরক্ষামূলক ব্যবস্থা’’ নেওয়ার সম্ভাবনা জানানো হয়েছিল। এর পর তেহরান এই হুঁশিয়ারি দেয়।
ইসমাইল বাঘাই সাংবাদিকদের বলেন, “এটি যুদ্ধের শামিল হবে। ইরানের বিরুদ্ধে এ ধরনের যেকোনও পদক্ষেপকে হামলাকারীদের সঙ্গে যোগসাজশ হিসেবে বিবেচনা করা হবে।” তিনি বলেন, “এককে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবেই দেখা হবে।”
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর হামলায় ইরানে প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। গত চার দিন ধরে চলা হামলায় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। মঙ্গলবার ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। তবে এই তথ্যের স্বতন্ত্র যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
রেড ক্রিসেন্ট সোসাইটির ওয়েবসাইটে বলা হয়েছে, ইরানে নিয়োজিত বিভিন্ন দলের মাঠ পর্যায়ের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন-ইসরায়েলি হামলায় ৭৮৭ জন নিহত হয়েছেন। সংস্থাটি জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে এক হাজারের বেশি হামলা চালানো হয়েছে।
