ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিনিধিরা তিন ঘণ্টার আলোচনা করেন এবং পরে তারা স্থান ত্যাগ করেন। পরবর্তীতে জানা যায়, দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।
স্থানীয় সময় সন্ধ্যায় হতে যাওয়া এ আলোচনাকে গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। তিনি বলেন, “আমাদের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ উত্থাপিত হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, তিন ঘণ্টার আলোচনায় নতুন কিছু বিষয় উত্থাপিত হয়েছিল এবং প্রতিনিধিরা সেগুলো নিয়ে উচ্চপদস্থদের সঙ্গে পরামর্শ করছেন। জেনেভায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় আবারও বৈঠক শুরু হবে বলে জানান তিনি।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, দুই পক্ষ একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, তবে আলোচনা থেকে চুক্তির অগ্রগতির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের জন্য এ আলোচনা কূটনীতির শেষ সুযোগ হতে পারে। গত মঙ্গলবার ট্রাম্প স্টেট অব ইউনিয়নের বক্তব্যে জানান, ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চান, কিন্তু তা না হলে সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দেন।
