ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে বিপর্যয়ের আশঙ্কা

ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে বিপর্যয়ের আশঙ্কা

সৌদি আরবের জাতীয় তেল ও গ্যাস কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন এইচ নাসের জানিয়েছেন, ইরান যুদ্ধের কারণে জ্বালানি তেলের বাজারে ‘বিপর্যয়’ নেমে আসতে পারে। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালানোর পর পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হয়, ফলে বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আগে এই পথ দিয়ে দিনে গড়ে ১৫৩টি জাহাজ চলাচল করত, যা বর্তমানে ১০-১৫টিতে নেমে এসেছে।

জ্বালানির বাজারে অস্থিরতা তৈরি হওয়ার কারণে গতকাল তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। একই সাথে, আরামকোর রাস তানুরা রিফাইনারিতে ২ মার্চ ড্রোন হামলার খবর পাওয়া যাওয়ায় নিরাপত্তার খাতিরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দেয়া হয়।

নাসের বলেন, ‘দীর্ঘ সময় ধরে জ্বালানি সরবরাহ বিঘ্ন হতে থাকলে বিশ্বের তেলের বাজারের জন্য বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হবে।’ তিনি আরও উল্লেখ করেন, এতে বিশ্ব অর্থনীতি গুরুতরভাবে বিপর্যস্ত হবে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হওয়া অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন আমিন এইচ নাসের। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগর থেকে এক লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন হয় এবং এই পথ দিয়ে রপ্তানি হওয়া তেলের ৮০ শতাংশই যায় এশিয়ার দেশগুলোতে।

আরও পড়ুন