ইসরাইলের একটি অত্যাধুনিক হার্মিস ৯০০ ড্রোন অক্ষত অবস্থায় নামানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, হামলা পরিচালনার আগেই ড্রোনটিকে গুলি করে মাটিতে নামানো হয়েছে।
আইআরজিসির দাবি, তারা উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সফলভাবে একটি ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন জব্দ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড্রোনটি সম্পূর্ণ সশস্ত্র অবস্থায় অক্ষতভাবে নামানো হয়েছে এবং বর্তমানে এটি ইরানের বিমান বাহিনীর মহাকাশ ইউনিটের নিয়ন্ত্রণে রয়েছে।
ড্রোনটির পরীক্ষা এবং প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য এটি মহাকাশ বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের কাছে হস্তান্তর করা হয়েছে। একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের বিভিন্ন প্রদেশে ছয়টি উন্নত ‘হার্মিস’ ড্রোনকে ভূপাতিত করা হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট প্রায় ৩৫টি শত্রু ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইরান।
হার্মিস ৯০০ হলো অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও হামলা অভিযানের জন্য ব্যাপকভাবে ব্যবহার করে ইসরাইল। এটি টানা ৩০ ঘণ্টারও বেশি সময় আকাশে উড়তে সক্ষম।
