ইসরায়েলি হামলায় ইরানের বিশ্ব ঐতিহ্য গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে।
টানা পঞ্চম দিনের মতো ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে, ইরানও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা আঘাতের ঘটনা ঘটছে, যা মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৬৫ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু।
সিজিটিএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোলেস্তান প্রাসাদের ক্ষতি হয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় এই ঐতিহাসিক স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তেহরানের ঐতিহাসিক কেন্দ্রস্থলে অবস্থিত গোলেস্তান প্রাসাদ, যা কাজার রাজবংশের সময়কালের একটি প্রতীক, ২০১৩ সালে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এটি এখনো ইরানি শিল্পী ও স্থপতিদের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার স্থান।
গতকাল ইরান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাসাদ কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ করে। ভিডিও এবং সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়—ভাঙা জানালা, ক্ষতিগ্রস্ত দরজা এবং আয়নার কাচের টুকরো মেঝেতে ছড়িয়ে আছে।
ইউনেস্কো জানায়, ২ মার্চের বিমান হামলায় গোলেস্তান প্রাসাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার ফলে সাংস্কৃতিক ঐতিহ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ইরান সরকার ইউনেস্কোর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে যে, গোলেস্তান প্রাসাদ ও তেহরানের বিখ্যাত গ্র্যান্ড বাজারসহ আরও কিছু ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
