ইসরায়েলি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইরান গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। রোববার প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯২ শতাংশই আকাশে ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, “ইরান ৪০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমরা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ক্ষেত্রে বড় সাফল্য পেয়েছি। আমাদের সফলতার হার প্রায় ৯২ শতাংশ।”
শনিবার দক্ষিণ ইসরায়েলের দুটি শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে প্রায় ১৮০ জনের চিকিৎসাসেবার প্রয়োজন হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন-ইসরায়েলি যুদ্ধে বিশ্বনেতাদের সক্রিয় সমর্থন ও যোগদানের আহ্বান জানিয়েছেন। রোববার ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত এক এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
নেতানিয়াহু বলেছেন, “ইরান কেবল ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্রের জন্যই নয়, বরং ইউরোপসহ বৈশ্বিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি। হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে ইরান আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও মধ্যপ্রাচ্যের বাইরের বেসামরিক জনপদকেও বিপদে ফেলছে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, “এখন সময় এসেছে বিশ্বের বাকি দেশগুলোর নেতাদের এই অভিযানে যুক্ত হওয়ার। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, তাদের মধ্যে কেউ কেউ সেই পথে হাঁটতে শুরু করেছেন। তবে আরও জোরালো পদক্ষেপ প্রয়োজন।”
