মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক হামলার জবাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই হামলা চালায়।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। এছাড়াও, মধ্য ইসরায়েলের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে, এ হামলায় নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সকাল থেকে শুরু হওয়া হামলার ফলে ইসরায়েলের শহরগুলো জনশূন্য হয়ে পড়ে এবং স্থানীয়রা আশ্রয়কেন্দ্রে চলে যান।
এদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালিয়েছে ইরান, যার ফলে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন এবং ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে, সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথ হামলা শুরু করার পর ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল। আমিরাতে হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং সিরিয়ায় অজ্ঞাত মিসাইলের হামলায় ৪ জন নিহত হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশের ৩১ প্রদেশের মধ্যে ২০টিতে হামলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের শীর্ষ কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সব কমান্ডার সুস্থ আছেন।
