ইসলামাবাদে পৌঁছেছেন বিভিন্ন দেশের প্রায় ৫০ সাংবাদিক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। খবর সংগ্রহ করতে ইতোমধ্যে সাংবাদিকরা ইসলামাবাদে পৌঁছেছেন বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার।
দেশটির সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের পাশাপাশি চীন, জাপান, জার্মানি, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিরা এই গুরুত্বপূর্ণ আলোচনার সংবাদ সংগ্রহে ইসলামাবাদে অবস্থান করছেন।
তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার বলেন, ‘সাংবাদিকদের জন্য জিন্নাহ কনভেনশন সেন্টারে একটি মিডিয়া সেন্টার প্রস্তুত করা হয়েছে, যেখানে উচ্চগতির ইন্টারনেট, বড় স্ক্রিন এবং প্রয়োজনীয় সব ধরনের সরঞ্জামের ব্যবস্থা রাখা হয়েছে।’
তিনি আরও জানান, আরও অনেক গণমাধ্যমকর্মী সংবাদ সংগ্রহের জন্য ইসলামাবাদের পথে রয়েছেন।
