মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের আকাশসীমা নিরাপদ রাখতে কাতারের সামরিক বাহিনীর প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেমটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
গতকাল বুধবার সেনাবাহিনীর এয়ার অপারেশন্স সেন্টার পরিদর্শনকালে কাতারের সামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সামরিক বাহিনীর অপারেশন বিভাগের অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা বৃদ্ধি ও দেশের আকাশসীমা এবং জলসীমার সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তথ্য প্রদান করেন।
এমিরি দিওয়ান থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মনোযোগ সহকারে এসব তথ্য শোনেন এবং আকাশ ও জলসীমা রক্ষায় আরও জোরদার পদক্ষেপ নিতে সামরিক কর্মকর্তাদের নির্দেশ দেন।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে, যা কোনো সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয়।
সংলাপ শেষ হওয়ার পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এবং একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে জবাব দিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। কাতারের রাজধানী দোহার অদূরে আল উদেইদ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি সেনাঘাঁটি অবস্থিত, যা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি।
