ইরান-ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতির কারণে কাতারে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক জরুরি বিজ্ঞপ্তিতে তারা নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার এবং নিজ নিজ বাসায় অথবা নিরাপদ স্থানে অবস্থান করার জন্য আহ্বান জানিয়েছে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় নগদ টাকা, কাতার আইডি (কিউআইডি), হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্র সবসময় সঙ্গে রাখার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস সবাইকে কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে এবং কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলার জন্য অনুরোধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইনের পরিপন্থি। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে যত্নশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বর অথবা ইমেইলে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
