মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস। শনিবার (২৮ ফেব্রুয়ারি) একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি অনুযায়ী প্রবাসীদের সঙ্গে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে। কাতারের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থী বলেও সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়। পাল্টা হামলা চালিয়েছে ইরানও, যা ইসরায়েলসহ আশপাশে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্যমাত্রা করেছে।
জরুরি প্রয়োজনে দোহায় বাংলাদেশের দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০ এবং ইমেইল: [email protected]–এ যোগাযোগ করতে বলা হয়েছে।
