কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানি প্রাকৃতিক গ্যাস উৎপাদন স্থগিত করার ঘোষণা দিয়েছে। সোমবার ইরানের সামরিক বাহিনীর ড্রোন হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়, যা কোম্পানির দু’টি স্থাপনায় আঘাত হেনেছে।
কাতারএনার্জির এক বিবৃতিতে বলা হয়েছে, রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে তাদের পরিচালনা কেন্দ্রগুলোতে হামলা হয়েছে। এ কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সংশ্লিষ্ট অন্যান্য পণ্যের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানের একটি ড্রোন মেসাইদ এলাকার একটি বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাংকে আঘাত হেনেছে এবং অন্যটি রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে কাতারএনার্জির এক জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
হামলার ফলে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে এবং এ বিষয়ে পরে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক দেশ কাতার, যার কোম্পানি বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। ইরানের হামলার কারণে কাতারএনার্জির গ্যাস উৎপাদন বন্ধ হওয়া বিশ্ব বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন।
