কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ খবর দিয়েছে দেশটির সরকার। চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রেক্ষাপটে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস বাড়ানো হয়েছে।
বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে চলা সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বাড়ানো হয়েছে। এই বৃদ্ধি গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে এবং এটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে, ফলে সেবাগ্রহীতাদের সশরীরে আবাসিক বিভাগে যাওয়ার প্রয়োজন হবে না।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে নির্ধারিত ফি এবং জরিমানা থেকে সবাইকে অব্যাহতি দেওয়া হয়েছে। যারা বর্তমানে কুয়েতের বাইরে রয়েছেন এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষের পথে, তাদের ভিসার মেয়াদও ৩ মাস বাড়ানো হয়েছে। তাদের জন্যও ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৩ মাসের অনুপস্থিতির অনুমতি প্রদান করা হবে, যা বিনামূল্যে নবায়ন হবে।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে উল্লেখিত সময়কাল আরও বাড়ানো হতে পারে।
