কুয়েতে ইরানি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত আছেন: সিবিএস নিউজ

কুয়েতে ইরানি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত আছেন: সিবিএস নিউজ

কুয়েতে ইরানি হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে আজ বুধবার এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় কুয়েতে ৬ জন মার্কিন সেনার মৃত্যুর খবর পাওয়া যায়, তবে হামলার ভয়াবহতা পূর্বের ধারণার চেয়েও বেশি। বেশ কয়েকজন সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন, তাদের মধ্যে মস্তিষ্কে আঘাত, স্প্লিন্টারের আঘাতে জখম এবং দগ্ধ হওয়ার ঘটনা রয়েছে।

সূত্রে জানা গেছে, গত ১ মার্চ কুয়েত সিটির বাইরে শুয়াইবা বন্দরে একটি ট্যাকটিক্যাল অপারেশন সেন্টারে হামলা চালানো হয়। হামলার পর ভবনটি ধোঁয়ায় ভরে যায়, যা ভেতরে আটকে পড়া সেনাদের উদ্ধারকে কঠিন করে তোলে। মঙ্গলবার রাত পর্যন্ত আহত ৩০ জনের বেশি সেনা সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আহতদের মধ্যে একজন সান আন্তোনিওর ব্রুক আর্মি মেডিকেল সেন্টারে, ১২ জন ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড মেডিকেল সেন্টারে এবং প্রায় ২৫ জন জার্মানির ল্যান্ডস্টুল রিজিওনাল মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। মঙ্গলবার ২০ জন আহত সেনাকে একটি সি-১৭ সামরিক উড়োজাহাজে জার্মানির ল্যান্ডস্টুলে নিয়ে যাওয়া হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন শুরুতে আহত সেনাদের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি। ১ মার্চ তারা জানিয়েছিল, পাঁচজন গুরুতর আহত হয়েছে এবং আরও কয়েকজন সামান্য আঘাত পেয়েছে।

গত সপ্তাহে পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। তবে তাদের আহত হওয়ার স্থান বা সময় নির্দিষ্ট করা হয়নি।

আরও পড়ুন