তুরস্কের মধ্যাঞ্চলের কোনিয়া প্রদেশে কৃষি জমিতে সিঙ্কহোল বা ভূগর্ভে ধস দ্রুত হারে তৈরি হচ্ছে। কম বৃষ্টিপাত ও ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন কৃষক ও পরিবেশ বিশেষজ্ঞরা।
কারাপিনার এলাকায় ভুট্টা ও গমের খেতজুড়ে অসংখ্য বড় গর্ত দেখা যাচ্ছে। কোথাও কোথাও একটি মাত্র খেতেই ১০টির বেশি সিঙ্কহোল তৈরি হয়েছে। পাহাড়ি অঞ্চলের অনেক প্রাচীন পানিভরা গর্তও এখন প্রায় শুকিয়ে গেছে।
কোনিয়া টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক ফেতুল্লাহ আরিক জানান, কোনিয়া অববাহিকায় এখন পর্যন্ত প্রায় ৭০০টি সিঙ্কহোল শনাক্ত করা হয়েছে, যা আগের তুলনায় অনেক দ্রুত গতিতে বাড়ছে। তার মতে, জলবায়ু পরিবর্তন ও দীর্ঘমেয়াদি খরাই এর মূল কারণ।
আগে যেখানে বছরে ভূগর্ভস্থ পানির স্তর আধা মিটার কমতো, এখন তা ৪ থেকে ৫ মিটার পর্যন্ত নেমে যাচ্ছে। পানির সংকটে কৃষকরা বাধ্য হয়ে আরও বেশি কূপ খনন করছেন, যার অনেকগুলোই অনুমোদনহীন। এলাকায় প্রায় ১ লাখ ২০ হাজার অবৈধ কূপ রয়েছে, যেখানে বৈধ কূপের সংখ্যা প্রায় ৪০ হাজার।
এখনো কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সিঙ্কহোলের হঠাৎ সৃষ্টি মানুষের জীবন ও সম্পদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
