যুক্তরাজ্যের আবাসন মন্ত্রী স্টিভ রিড বলেছেন, ইরানের কাছে লন্ডনে আঘাত হানতে সক্ষম এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে বলে ইসরাইলের দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তিনি বিবিসিকে জানান, ইরানিরা যুক্তরাজ্যকে লক্ষ্যবস্তু করছে বা চাইলেও তা করতে পারবে, এমন কোনো সুনির্দিষ্ট মূল্যায়ন তাদের কাছে নেই।
শনিবার ইসরাইলি ডিফেন্স ফোর্সেস দাবি করে, তেহরানের কাছে চার হাজার কিলোমিটার দূরত্বে হামলা চালাতে পারে এমন দূরপাল্লার অস্ত্র রয়েছে। এই দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী রিডের মন্তব্য সামনে এসেছে।
ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে শুক্রবার রাতে ইরান হামলা চালানোর পরই এসব আলোচনা শুরু হয়। ওই দ্বীপপুঞ্জটি ইরান থেকে প্রায় ৩ হাজার ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।
শুক্রবার রাতভর ডিয়েগো গার্সিয়া অভিমুখে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঝপথে পড়ে যায় এবং অন্যটি প্রতিহত করা হয়। ক্ষেপণাস্ত্রগুলো ব্রিটিশ ভূখণ্ডের কত কাছাকাছি পৌঁছেছিল তা প্রকাশ করতে অস্বীকৃতি জানান মন্ত্রী রিড। তিনি বলেন, তিনি ওই হামলার ‘অপারেশনাল বিবরণ’ বা বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারবেন না।
