খামেনি নিহতের ঘটনায় ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

খামেনি নিহতের ঘটনায় ইরানে ৪০ দিনের শোক ঘোষণা

ইরানে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, খামেনি ইরানে তার কার্যালয়ে নিহত হন।

দেশটিতে একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। হামলার সময় খামেনির কন্যা, জামাই ও নাতিও নিহত হয়েছেন। খামেনির মৃত্যুতে তার জন্মশহর মাশহাদ, রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরের বাসিন্দারা সড়কে নেমে এসেছেন।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী খামেনির হত্যাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করার অঙ্গীকার করেছে এবং বলেছে যে, তারা অল্প সময়ের মধ্যে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। শনিবার ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের দুবাই, দোহা, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সরকারি মিডিয়ার তথ্য অনুযায়ী, দক্ষিণের একটি স্কুলে হামলায় কমপক্ষে ১০৮ জন প্রাণ হারিয়েছে এবং ২৪ প্রদেশে নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। ১৯৮৯ সাল থেকে খামেনি ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন।

সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনের আগ পর্যন্ত প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন সদস্য নিয়ে গঠিত তিন সদস্যের কাউন্সিল সাময়িকভাবে নেতৃত্বের দায়িত্ব নেবে।

আরও পড়ুন