বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সম্মানে বুধবার ব্রিটিশ হাইকমিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় জানিয়েছে, খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের অংশ হিসেবে যুক্তরাজ্যের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বার্তায় আরও বলা হয়েছে, আমাদের ভাবনা তার পরিবার এবং খালেদা বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে আজ থেকে তিন দিনের রাষ্ট্রীয়ভাবে শোক পালন শুরু হয়েছে, যা আগামী শুক্রবার পর্যন্ত চলবে।
এ ছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে আজসহ তিন দিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
