গাজীপুরের শ্রীপুরে পুলিশকে মারধর করে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। হামলায় টাঙ্গাইল সদর এবং শ্রীপুর থানা-পুলিশের কমপক্ষে ছয়জন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। আহত ছয় পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১ মার্চ) রাত ৮টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে, উপজেলার নিজমাওনা গ্রামের মনির হোসেনের ছেলে আদিল (২২) এবং তার বাবা মনির হোসেন (৫০)।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, টাঙ্গাইল সদর থানার একটি অপহরণ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করতে ছয় সদস্যের একটি টিম শ্রীপুরে আসে। তারা শ্রীপুর থানা-পুলিশের সহযোগিতায় আদিল ও তার বাবা মনির হোসেনকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশের গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন ডাকাত ও ভুয়া পুলিশ আসছে বলে ডাক-চিৎকার দেয়। আশপাশের লোকজন এসে রাস্তা অবরোধ করে পুলিশের ওপর হামলা চালিয়ে মারধর শুরু করে। এ সময় ছয় পুলিশ সদস্য আহত হন এবং হ্যান্ডকাফসহ আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থল গিয়ে অভিযান পরিচালনা করে হ্যান্ডকাফ ছিনিয়ে নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ছয়জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং জরিত দুই নারীকেও আটক করা হয়েছে।
