চীনের মধ্যাঞ্চলের ঝেংজি শহরে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চন্দ্র নববর্ষের ছুটির দ্বিতীয় দিনে বুধবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দোকানে আগুনের সূত্রপাত হয় এবং রাখা আতশবাজি ও পটকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিস্ফোরণ ও প্রাণহানির ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। চীনে ছুটি উদযাপনে আতশবাজি ও পটকা ফুটানো সাধারণ ঘটনা হলেও গত কয়েক বছরে বেইজিং ও অন্যান্য বড় শহরে এটি নিষিদ্ধ করা হয়েছে।
এর আগে, গত রোববার চীনের জিয়াংসু প্রদেশের একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে ৮ জন নিহত এবং দু’জন আহত হন। ওই ঘটনার পর জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সারা দেশে আতশবাজি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি জোরদার ও নিরাপত্তা ঝুঁকি শনাক্তে কর্মকর্তাদের পরিদর্শনের নির্দেশ দেয়।
দোকানের বাইরে পরীক্ষামূলকভাবে আতশবাজি ফুটানো কিংবা ধূমপানের মতো অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার বিষয়ে নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
