ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় মিত্র দেশগুলোর মধ্যে অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে। বেশ কয়েকটি দেশ অভিযোগ করেছে, ইরানের ওপর হামলার আগে তাদের যথেষ্ট সময় দিয়ে সতর্ক করা হয়নি এবং তাদের দেওয়া সতর্কবার্তাও উপেক্ষা করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় দেশের কর্মকর্তাদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, দুটি উপসাগরীয় দেশের কর্মকর্তারা হতাশা প্রকাশ করে বলেন, হামলার বিষয়ে তাদের আগাম কোনো তথ্য দেওয়া হয়নি। তারা সতর্ক করেন যে, যুদ্ধ শুরু হলে পুরো অঞ্চলে ভয়াবহ পরিণতি হতে পারে, যা উপসাগরীয় দেশগুলো আগেই জানিয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র তা গুরুত্ব দেয়নি।
এক কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় দেশগুলো মনে করছে যুক্তরাষ্ট্র মূলত ইসরায়েল ও তাদের সেনাদের সুরক্ষায় মনোযোগ দিয়েছে, কিন্তু উপসাগরীয় দেশগুলোকে নিজেদের রক্ষার জন্য একা ছেড়ে দিয়েছে। তিনি আরও বলেন, এসব দেশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মজুত দ্রুত ফুরিয়ে যাচ্ছে।
এপি প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় দেশগুলোর সরকারি প্রতিক্রিয়া তুলনামূলকভাবে সংযত হলেও তাদের বিশ্লেষকরা প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করছেন। তারা ইঙ্গিত করছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ট্রাম্পকে একটি অপ্রয়োজনীয় যুদ্ধে টেনে নিয়ে গেছেন। সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স তুরকি আল-ফয়সাল গণমাধ্যমে বলেন, ‘এটা নেতানিয়াহুর যুদ্ধ। তিনি ট্রাম্পকে নিজের অবস্থানের পক্ষে সমর্থন দিতে রাজি করিয়েছেন।’
গত মঙ্গলবার মার্কিন কংগ্রেসে ইরানে যুদ্ধ নিয়ে প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তারা স্বীকার করেছেন, ইরানের একমুখী শাহেদ ড্রোন প্রতিহত করার পর্যাপ্ত সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। কংগ্রেস সদস্যরা প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র কেন আগে থেকে প্রস্তুত ছিল না।
ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষক বদর মুসা আল-সাইফ বলেন, ‘যুক্তরাষ্ট্র সম্ভবত উপসাগরীয় মিত্রদের ঝুঁকি কম করে দেখেছিল।’ সাবেক মার্কিন রাষ্ট্রদূত মাইকেল র্যাটনি বলেন, ‘উপসাগরীয় দেশগুলো ইরানকে দুর্বল দেখতে চাইলেও, যুদ্ধের কারণে তারা অর্থনৈতিক ক্ষতি ও দীর্ঘমেয়াদি অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন।’
এপি জানায়, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সরকার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
