ইসরায়েল-যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালানোর পর পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। তবে এবার পরিস্থিতি শান্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় বসতে রাজি হয়েছেন বলে দাবি করা হয়েছে।
‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে আলোচনা করতে চায় এবং তিনিও এতে রাজি হয়েছেন।
ম্যাগাজিনটিতে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, “তারা (ইরানের নতুন নেতৃত্ব) কথা বলতে চায়, এবং আমিও কথা বলতে রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।” তিনি আরও বলেন, “এটি আরও আগেই করা উচিত ছিল। যা অত্যন্ত বাস্তবসম্মত এবং সহজ ছিল, তা তাদের আরও আগেই করা উচিত ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে।”
তবে ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে কখন বা কবে কথা হবে, সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট কোনো মন্তব্য করেননি।
