ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালানোর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করেছে যে, বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ সম্পূর্ণ বন্ধ করে দেবে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎকেন্দ্রগুলো মেরামত না হওয়া পর্যন্ত এই নৌপথ উন্মুক্ত করা হবে না বলে জানানো হয়েছে।
ইরানি বাহিনীর বার্তায় আরও বলা হয়েছে, হামলার প্রতিক্রিয়ায় তারা সরাসরি ইসরাইলি বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্যপ্রযুক্তি খাতকে লক্ষ্যবস্তু বানাবে। মধ্যপ্রাচ্যের যেসব কোম্পানিতে মার্কিন শেয়ারহোল্ডার রয়েছে এবং যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত, সেখানকার বিদ্যুৎকেন্দ্রগুলোও ইরানের নিশানায় থাকবে বলে সতর্ক করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর এই বার্তার আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একই ধরনের কড়া বিবৃতি দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চলজুড়ে জ্বালানি ও তেল অবকাঠামোগুলো হুমকির মুখে পড়বে।
