তুরস্কের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ

তুরস্কের ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ব্যর্থ

তুরস্কের কর্মকর্তাদের দাবি অনুযায়ী, ইরান থেকে তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়েছে। তবে, হামলাটি সফল হয়নি এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে।

বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইরাক ও সিরিয়ার আকাশসীমায় ধ্বংস হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে আসছিল, কিন্তু ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা শনাক্ত করে অকেজো করে দেয়।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় ও শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অনুষ্ঠানটি পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বুধবার রাতে শুরু হওয়ার কথা ছিল।

তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, অনুষ্ঠানটির জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পন্ন না হওয়া পর্যন্ত এটি স্থগিত রাখা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান, ‘লজিস্টিক’ সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রদেশ থেকে সাধারণ লোকজনের অংশগ্রহণের আকুতির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত শনিবার তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন এবং তার পর ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই হামলায় ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং শত শত বেসামরিক নাগরিকও নিহত হয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ শুরু করেছে, যার আওতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্থাপনা ও মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

আরও পড়ুন