ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং পরবর্তীতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। আজ বৃহস্পতিবার অপরিশোধিত এক ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববাসী।
এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বাড়ার বিষয়টি তাদের জন্য ইতিবাচক। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করে, তাই বাড়তি দামে এসব তেল বিক্রি করে তারা বাড়তি অর্থ আয় করতে সক্ষম হবে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাই, যখন তেলের দাম বাড়ে আমরা তখন অনেক বেশি অর্থ আয় করি।” তিনি আরও জানান, “কিন্তু, বেশি দামে তেল বিক্রি করে বেশি অর্থ আয় করার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো— ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো, মধ্যপ্রাচ্যকে ধ্বংস থেকে বাঁচানো, এমনকি বিশ্বকে বাঁচানো। আমি কখনো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।”
