ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরান ও লেবাননের রাজধানী বৈরুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে। তাদের দাবি, এসব হামলায় ‘সামরিক লক্ষ্যবস্তু’ টার্গেট করা হয়েছে।
ইসরায়েল জানিয়েছে, লেবাননে তাদের স্থলবাহিনী আরও এগিয়ে গিয়ে ‘কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা’ দখল করবে, যাতে ইসরায়েল সীমান্তবর্তী বসতিগুলোর ওপর হামলা প্রতিরোধ করা যায়।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। হামলার ফলে সীমিত আকারে আগুন লাগে এবং ক্ষয়ক্ষতি হয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটির কমান্ড ভবন ধ্বংস করা হয়েছে। তবে এ বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।
ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড (আইআরজিসি) হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে। তারা সতর্ক করে জানিয়েছে, এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তাদের ওপর হামলা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠিন আঘাত এখনও আসেনি। তিনি সতর্ক করে দেন, সামনের দিনগুলোতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
