দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দক্ষিণ কোরিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ হঠাৎ সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই সিদ্ধান্ত পূর্ব এশিয়ায় নিরাপত্তা বলয় শিথিল করে এবং সিউলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী শুধুমাত্র থাড নয়, বরং অন্যান্য সামরিক সরঞ্জাম ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাকা এই প্রতিরক্ষা ব্যবস্থা পিয়ংইয়ংয়ের সম্ভাব্য হামলা ঠেকানোর প্রধান হাতিয়ার হিসেবে বিবেচিত ছিল। এদিকে, জাপানও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে, কারণ সেখান থেকেও মার্কিন যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

পেন্টাগন সূত্রে জানা গেছে, ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করাই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার সিওংজু কাউন্টি থেকে থাড ব্যবস্থার বিভিন্ন ইউনিট সরিয়ে নেওয়া হচ্ছে।

দক্ষিণ কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানালেও, যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সামরিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, এই ধরনের পদক্ষেপ এশিয়ায় চীনের প্রভাব ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মধ্যে দক্ষিণ কোরিয়া ও জাপানকে অরক্ষিত করে তুলতে পারে।

এই পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জনগণকে আশ্বস্ত করেছেন যে, তাদের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা এখন যথেষ্ট শক্তিশালী। তিনি জানান, থাড সরিয়ে নেওয়ার কারণে কোনও স্থায়ী বা বড় ধরনের ঘাটতি তৈরি হবে না এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের নিজস্ব ‘চেওংগুং-২’ এবং এল-স্যাম ব্যবস্থা এখন যে কোনো আকাশপথের হামলা ঠেকাতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন