পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন

পাকিস্তানে কনস্যুলেটে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে মার্কিন মেরিন সেনারা। এ ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এ বিক্ষোভ শুরু হয়।

মার্কিন কর্মকর্তারা সোমবার নিশ্চিত করেছেন যে, হামলার সময় মেরিন সেনারা গুলি চালায়। ইরানের শীর্ষ নেতা হত্যাকাণ্ডের জেরে পাকিস্তানে চলা এই প্রতিবাদ চলাকালীন কূটনৈতিক মিশনে বলপ্রয়োগের ঘটনা দেশটিতে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে।

বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের দেয়াল ভেঙে ফেললে গুলির ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী গুলিতে হতাহত হওয়ার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিন্ধু সরকারের মুখপাত্র নিরাপত্তা কর্মীদের গুলি চালানোর কথা জানান, তবে তারা কোন বাহিনীর সদস্য তা স্পষ্ট করেননি।

এ ঘটনায় তদন্তের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন জয়েন্ট ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে। সিন্ধু প্রদেশের জ্যেষ্ঠ মন্ত্রী শারজিল মেমন জানান, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রত্যাশা করা হচ্ছে, যা ঘটনার বিস্তারিত তথ্য জানাবে।

পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি নেই, তবে যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেটে নিরাপত্তার জন্য মার্কিন সেনারা নিয়োজিত রয়েছেন।

আরও পড়ুন