আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। উভয় পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা নিজস্ব কূটনৈতিক মাধ্যম ব্যবহার করে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উত্তেজনা কমিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করতে চীনের প্রস্তুতির কথা বলা হয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, প্রতিবেশী দেশ হিসেবে চীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। সংঘাতে হতাহতের ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেন এবং যে কোনো উত্তেজনা উভয় পক্ষের জন্য ক্ষতিকর হতে পারে বলে মন্তব্য করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘাত বন্ধ করা উভয় দেশ ও জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে জড়িত। এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা সহজ হবে বলেও মনে করে বেইজিং।
