যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান সরকারকে সহযোগিতা করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ট্রাম্প জানান, তাঁর ধারণা প্রেসিডেন্ট পুতিন ইরানে ক্ষমতাসীনদের ‘কিঞ্চিৎ সহযোগিতা’ করছেন। তিনি আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যে নীতির ভিত্তিতে ইউক্রেনকে সহযোগিতা করছে, ইরানকে সহযোগিতার ক্ষেত্রেও পুতিন সেই নীতিই অনুসরণ করছেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল। দেশ দুটির যৌথ হামলায় সেদিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
এরপর হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৬ দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিগুলো লক্ষ্য করে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইরান।
এর আগে পেন্টাগনের কর্মকর্তারা দাবি করেন, এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। রাশিয়ার পাশাপাশ চীনও ইরানকে তথ্য দিয়ে সহায়তা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন রয়েছে।
