রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মস্কোয় বার্ষিক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে তিনি প্রেম করছেন। তবে প্রেমিকার পরিচয় বা সম্পর্কের বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পুতিন সংক্ষিপ্তভাবে ‘হ্যাঁ’ বলেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই গোপনীয়তা বজায় রেখে চলেন পুতিন, যিনি ২০১৪ সালে সাবেক স্ত্রী লিউদমিলা পুতিনার সঙ্গে বিচ্ছেদের পর খুব কমই কথা বলেন।
দীর্ঘদিন ধরে রুশ গণমাধ্যমে অলিম্পিক স্বর্ণজয়ী আলিনা কাবায়েভার সঙ্গে তার গোপন সম্পর্কের কথা উঠে এসেছে। ধারণা করা হয়, তাদের সম্পর্ক প্রায় ১৮ বছরের পুরোনো এবং দুটি সন্তান রয়েছে, যদিও পুতিন এসব আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি।
সংবাদ সম্মেলনে তরুণ সাংবাদিক কিরিল বাঝানোভ ‘আমি বিয়ে করতে চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন। পুতিন মুচকি হেসে বলেন, এই প্ল্যাকার্ডটি এড়িয়ে যাওয়া অসম্ভব। এরপর কিরিল লাইভ সম্প্রচারে নিজের প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন এবং পুতিনকে আমন্ত্রণ জানান।
সংবাদ সম্মেলনের শেষদিকে উপস্থাপক জানান, কিরিলের প্রেমিকা বিয়ের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। ইউক্রেন যুদ্ধ ও রাজনৈতিক আলোচনার পাশাপাশি এই ঘটনা মানবিক আবহ তৈরি করে। পুতিন আগেও বলেছেন, তার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তিনি পছন্দ করেন না।
