যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাজ না করলে আলোচনার পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আজ বুধবার ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, পল কাপুর বাংলাদেশের নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, নির্বাচন এতটা শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে যা তাদের প্রত্যাশার বাইরে ছিল।
দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করার সময় খলিলুর রহমান বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র জানিয়েছি, সবার আগে বাংলাদেশ।’ পল কাপুর দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতেও সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
বাণিজ্য চুক্তি নিয়ে খলিলুর রহমান বলেন, চুক্তিটি নির্বাচনের আগের বছর থেকে আলোচনা শুরু হয়েছিল এবং তা ৩১ জুলাই চূড়ান্ত হয়। তিনি উল্লেখ করেন, চুক্তিতে এন্ট্রি ও এক্সিট ক্লজ রয়েছে, যা কার্যকর হওয়ার আগে নোটিফিকেশন প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, ‘যদি কখনো মনে হয় চুক্তিটি কাজ করছে না, তবে তা আলোচনার মাধ্যমে পুনর্গঠনের পথ খোলা আছে।’
