বাংলাদেশ সরকার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করে হামলার মাধ্যমে হত্যার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এটি আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত নিয়মের লঙ্ঘন।
বাংলাদেশ এই কঠিন সময়ে ইরানের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির মৃত্যুর খবর প্রকাশের এক দিন পরে সোমবার এই বিবৃতি আসে।
গত শনিবার ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে বিমান হামলা চালায়। রবিবার ইরান জানায়, হামলায় খামেনি এবং প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ না করে বলা হয়েছে, কোনো সংকটের সমাধান সংঘাতে আসবে না। বরং পারস্পরিক শ্রদ্ধা এবং আইন সমুন্নত রেখে আলোচনাই সমাধানের একমাত্র পথ।
এর আগে, গতকাল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মধ্যপ্রাচ্যে হামলার প্রসঙ্গে একটি বিবৃতি দিয়েছিল, যেখানে খামেনির মৃত্যু নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিজ্ঞপ্তিতে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাকে নিন্দা জানানো হয়েছে।
বাংলাদেশ সরকার ইরানে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়। একদিনের মাথায় নতুন আরেকটি বিবৃতি প্রকাশ করা হলো।
